অকবিতা

By Tarin Ahmad Diba


ইতিহাস বলে বিবর্তনের রূপ তুমি দেখাতে পারো প্রাগৈতিহাসিক কোনো যুগের

যেখানে সত্যি নামের মিথ্যে কথা মহামারী ছড়ায় না,

কবিতার টানটান উত্তেজনা ছাপিয়ে মাঠের বাইরে দাঁড়িয়ে বৃষ্টির স্নিগ্ধতা দেখার দুঃসাহস তো আমিও করেছি। কিংবা বলা ভালো করবার চেষ্টা করেছি প্রতিনিয়ত,

শুনেছি সেখানে আজকাল সভ্যতার নামে যন্ত্রের জঞ্জাল চাপিয়ে  স্মৃতি-রোমন্থন করে কয়েকদল পোস্টমডার্ন ঘোস্ট,

প্রতিনিয়তই ভয়ের সাথে ভাবের লড়াইয়ে ভয় বিজয়ী হয়ে আমারই পাশে বসে অন্ধকারে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দেয়,

আমি তখন লাশ হবার চেষ্টা,

মর্গের বিচ্ছিন্নতায় যা হওয়া যায়না,

কাহিনীর শিরচ্ছেদ একপাক্ষিক এক পেশে, ডিক্টেটর ইতিহাস এর জন্ম দেয় বটে,

জন্ম তো আমিও দিই,

শত – সহস্র নরকের কীট আমার যোনি হতে রোজ জন্ম নেয়,

আমি তখন প্রসব বেদনায় ছটফট করি,

বেদনা একটি নীলচে সবুজ আবরন।

সেই আবরণে আমি ঢেকে দিই আমার নীল হয়ে যাওয়া স্তন।

আমার মনের মহামারী শেষ হয়না কোনোদিন।

শেষ বলে কিছু হয় নাকি?

জীবন বলেও তো কিছু হয়না।

কিছু হবার জন্য তো জীবন নয়

জীবনের জন্য এক ঝাপি কাশফুল আর কাঠগোলাপ…